পুলিশ হেফাজতে থাকা শিশুটিকে ফিরে পেলেন বাবা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বাস টার্মিনালে অভিভাবকহীনভাবে পাওয়া শিশু নূর আহম্মদ আলী সোহাগ ওরফে আলিফকে তার বাবা আব্দুল্লাহ-আল-মামুনের হাতে তুলে দিয়েছে পুলিশ। আমবাগান দেখতে ঢাকা থেকে একাই রাজশাহী এসেছিল ৯ বছরের এই শিশু। এ নিয়ে ইত্তেফাক অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে খবর প্রচারিত হয়। পরে আলিফের বাবার খোঁজ পায় রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তার বাবা রাজশাহী পৌঁছালে শনিবার রাতে পুলিশ হেফাজতে থাকা ঐ শিশুকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।

শিশু আলিফ শেরপুর জেলার নকলা থানার কুর্শা বাদাগৈড় খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শিশু হস্তান্তরের সময় তার নানি আনোয়ারা বেগমও থানায় উপস্থিত ছিলেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ‘শিশুটির বাবা ও মার ৯ বছর আগেই ডিভোর্স হয়েছে। তাই পারিবারিকভাবে শিশুটির ইচ্ছানুযায়ী সে নানা-নানির বাড়িতে থেকেই লেখাপড়া চালিয়ে যাবে।’

এর আগে রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গত শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় লোক জন তাকে উদ্ধার করে। এ সময় সে বাড়ির ঠিকানা এবং পরিচিত কারও মোবাইল নম্বরও বলতে পারেনি।