বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পাইওনিয়ার গার্মেন্টসের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে সাড়ে ১১ পর্যন্ত  সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ থাকায় ওই এলাকায় যানচলাচল বন্ধ ছিল। এতে আশপাশ সড়কে যানজট সৃষ্টি হয়। অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মজুরি পাইওনিয়ার গার্মেন্টস কর্মীরা মানেন না। তাই বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টার দিকে তারা রাস্তায় নামেন। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা অবরোধ তুলে নিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।