উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গুদামে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে খালি বস্তা ও বিপূল পরিমাণ চালসহ তিন জনকে আটক করেছে। গত শনিবার রাতে সরকারী ত্রাণের চাল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মরিচ্যা বাজারের হলদিয়া রোডের পোস্ট অফিস সংলগ্ন আল্লাহর দান এবং মো. এহসান স্টোরে অভিযান চালায়।
সরকারী ত্রাণের চালের বস্তা পরিবর্তন করার সময় ৩ হাজার ৫শ কেজি চাল এবং ৯৯টি চালের খালি বস্তাসহ সোনা আলীর পুত্র মো. এহসান (৩১), মৃত মো. সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম (৩২) এবং মৃত মকবুল আহমদের পুত্র আবুল কালামকে (৫০) আটক করে। তাদের সবার বাড়ি একই ইউনিয়নে। এই ব্যাপারে মামলা দায়েরের পর উদ্ধারকৃত চাল ও খালি চটের বস্তাসহ তাদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।