ঈশ্বরদীতে বোরকা পার্টির দুই নারী সদস্য আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে শাকিলা (২২) ও শিলা (৩২) নামে বোরকা পার্টির দুই ছিনতাইকারীকে আটক করেছে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল রবিবার ঈশ্বরদী বাজারে এই ঘটনা ঘটে। শাকিলার স্বামীর নাম শাহীন। আর শিলার স্বামী বিল্লাল।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ‘গতকাল ঈশ্বরদী বাজারে এক নারীর ব্যাগ থেকে কৌশলে টাকা চুরির সময় জনতা হাতেনাতে ধরে ফেলে বোরকা পার্টির দুই সদস্য শিলা ও শাকিলাকে। উত্তেজিত জনতা তাদের উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের বাড়ি পাবনা শহরের মুজাহিদ ক্লাবের নিকট বলে তারা জানিয়েছে।

গত রবিবার ঈশ্বরদী ফতেহ মোহাম্মদপুর এলাকার ব্র্যাক স্কুলের শিক্ষিকা হোসনে আরা পলির কাছ থেকে ২০ হাজার ও গত বৃহস্পতিবার মধ্য আরণকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকার কাছ থেকে ১ লাখ ৮৪ হাজার টাকা ব্যাগ থেকে কৌশলে হাতিয়ে পালিয়ে যায় বোরকা পার্টির সদস্যরা। এ সব ঘটনা নিয়ে ঈশ্বরদী বাজারে আগত নারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।