সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়া থানা পুলিশ মহাসড়কে চেক পোস্ট বসিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. শাহাজান (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার নুরুল ইসলামের ছেলে। গতকাল রবিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেলও।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেন, ‘শাহাজান ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। গতকাল  তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’