করোনায় সেবাদানকারীদের এসডিআইয়ের উপহার

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে করোনাকালে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, চিকিত্সক ও অন্যান্য পেশাজীবী। সে কারণে অনেকেই আক্রান্ত হয়েছেন করোনায়। সেবাদানকারীদের প্রতি সম্মান জানিয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই গতকাল ধামরাই উপজেলা পরিষদ, স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও সাংবাদিকদের মেডিক্যাল গগলস তথা নিরাপত্তা চশমা উপহার দিয়েছে। সেই সঙ্গে সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে অভিনন্দনপত্রও প্রেরণ করা হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হকের পক্ষে প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল হোসেন, ধামরাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু বকর হাজারীকে সঙ্গে নিয়ে সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক, ওসি দীপক চন্দ্র সাহা ও ধামরাই প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে উপহার হিসেবে চশমাগুলো হস্তান্তর করেন।