ছাদে গাঁজা চাষ, চিলেকোঠায় মদ

ইত্তেফাক রিপোর্ট

সাভারে ফ্রান্সিস গোমেজ নামের এক মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার বসতবাড়ি থেকে মদ তৈরির সরঞ্জামসহ ১০০০ লিটার দেশীয় মদ ও বাড়ির ছাদবাগান হতে পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। শনিবার পৌর এলাকার রাজাশন এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। আটক ফ্রান্সিস গোমেজ নিজের বসতবাড়ির ছাদবাগানে গাঁজার চাষ এবং চিলেকোঠায় মদ তৈরি করত বলে জানিয়েছে র্যাব। র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, ফ্রান্সিস গোমেজ ১৫ বছরেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে দীর্ঘদিন ধরে নিজের বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলেকোঠায় বাংলা মদ তৈরি করে আসছিল। এসব মদ ও গাঁজা সাভারসহ মিরপুর ও রাজধানীর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন ফ্রান্সিস।