আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
একই সঙ্গে খেলাধুলা, একই সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ল দুই শিশু। এক ক্লাসে না পড়লেও বাড়ি পাশাপাশি। বয়সের ফারাক মাত্র দুই বছর। কিন্ডারগার্টেনের নার্সারি পড়ুয়া সুমাইয়ার বয়স ৭ বছর। আর তার বান্ধবী হরিহর আত্মা দ্বিতীয় শ্রেণির ছাত্রী আরিফার বয়স ৯ বছর। লেখাপড়ার ফাঁকে সময় পেলেই খেলায় মেতে থাকে তারা। করোনা দুর্যোগের কারণে স্কুল বন্ধ। তাই রবিবার দুপুরে খেলা শেষে বাড়ির পাশের ডোবায় গোসল করতে নামে তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, লাশ হয়ে ডোবা থেকে উঠতে হয়েছে উচ্ছল প্রাণবন্ত দুই শিশুকে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি গ্রামে। নিহত সুমাইয়ার বাবা মালয়েশিয়া প্রবাসী আবু কাউসার এবং আরিফার বাবা একই গ্রামের বাসিন্দা মো. বাসেদ। জানা যায়, ঘটনার সময় তারা দুই জন একত্রে ডোবায় নেমে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির দীর্ঘক্ষণ পর ডোবা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।