দৈনিক ইত্তেফাকের সাবেক সার্কুলেশন ম্যানেজার মো. মোসেলহ উদ্দিন (৮৩) গত শনিবার রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। গতকাল বেলা ১১টায় গোপীবাগ বিসিমল্লাহ জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. এবং বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মকর্তাগণ গভীর শোক প্রকাশসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক
মো. মোসেলহ উদ্দিনের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহম্মদ, উপ-ইউনিট প্রধান আনিস মন্ডল, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।