সরকারি নিয়োগ পাচ্ছেন শুধু ডিপ্লোমাধারীরা
বিশেষ প্রতিনিধি
নিয়োগবিধিতে উল্লেখ না থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি নিয়োগ পাচ্ছেন না গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্টরা (বিএসসি টেকনোলজিস্ট)। বিএসসি হওয়াটাই যেন তাদের অপরাধ! অথচ সরকারি নিয়োগ পেতে যাচ্ছেন ৩ হাজার ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট।
ক্ষুব্ধ গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্টরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করেছি। অথচ সরকারি নিয়োগ পাচ্ছি না। আমরা বেকার ঘুরে বেড়াচ্ছি। এ পর্যন্ত ৬ হাজার গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট পাশ করে বেকার রয়েছেন। মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সব জায়গায় গিয়ে বার বার আবেদন জানিয়েও নিয়োগবিধি পরিবর্তনে কারোর কাছ থেকে কোনো সাড়া পাননি তারা। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের চার জন সিনিয়র কর্মকর্তা বলেন, বিএসসি টেকনোলজিস্ট হওয়ায় তাদের কপাল পুড়েছে। কারণ নিয়োগবিধিতে শুধু ডিপ্লোমার কথা উল্লেখ থাকায় তারা বাদ পড়েছেন। একই সরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ও বিএসসি টেকনোলজিস্ট পাশ করে বের হচ্ছে। অথচ ডিপ্লোমাধারীরা সরকারি চাকরি পেলেও বিএসসিরা কেন পাচ্ছেন না তার কোনো সদুত্তর দিতে পারেননি কেউ। তবে একজন কর্মকর্তা বলেন, নিয়োগবিধিতে বিএসসি টেকনোলজিস্টদের নাম অন্তর্ভুক্তির জন্য মোটা অঙ্কের উেকাচ দাবি করা হয়। এজন্য নিয়োগবিধিতে পরিবর্তন আসেনি।
সর্বশেষ গত ২৭ জুন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর চিঠি দিয়েছেন জেনারেল গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাইনুল ইসলাম। চিঠিতে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে গ্র্যাজুয়েট টেকনোলজিস্টদেরও আবেদন করার সুযোগ প্রদান করার জন্য আবেদন জানানো হয়। উল্লেখ্য, করোনাকালে চরম সংকটের মুহূর্তে সারাদেশে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিক্যাল টেকনোলজিস্টরা স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্টও রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সকল স্বেচ্ছাসেবকদের (১৮৩ জন) সম্মানস্বরূপ সরাসরি নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু ডিপ্লোমা ডিগ্রির চেয়ে উচ্চতর বিএসসি ডিগ্রি থাকা সত্ত্বেও শুধু নিয়োগবিধির কারণে স্বাস্থ্য অধিদপ্তর বিএসসি পাশ করা মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেনি।