ধামরাইয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে আবুল বাশার কৃষি কলেজ প্রাঙ্গণে দরিদ্র গর্ভবতী মায়েদের গতকাল বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ আয়োজন সম্পন্ন করা হয়। ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল আরিফ আহমেদ চিশ্তী এবং ১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. ফখরুল আলম এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা, ওসি দীপক চন্দ্র সাহা প্রমুখ।