ভারত-চীন উত্তেজনা নিরসনে পূর্ব লাদাখ সীমান্তে বৈঠকে বসেছিল দুই দেশ। তবে সমাধানসূত্র পাওয়া যায়নি। ভারতের দাবি, এমন অবস্থায় পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। তবে পিছিয়ে নেই তারাও। এরই মধ্যে ভারতীয় বিমানবাহিনী দাবি করেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে। বাহিনীর একজন মুখপাত্র বিমান ঘাঁটির সব প্রস্তুতি সুনিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ঐ উইং কমান্ডার এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘চীনের সঙ্গে যুদ্ধের প্রয়োজন হলে ভারতীয় বায়ুসেনা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা যুদ্ধের মতো কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে ইতস্তত করব না। যুদ্ধে লড়ার জন্য বর্তমান সময়ে বিমান খুব শক্তিশালী একটি ক্ষেত্র ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।’
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সীমান্তের কাছে যুদ্ধবিমান দিয়ে মহড়া চালিয়ে যাচ্ছে ভারতীয় বিমানবাহিনী। চীনকে ক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে সীমান্তের কাছে অবস্থিত বিমানঘাঁটি থেকে অনবরত উড়ে যাচ্ছে রাশিয়ার তৈরি দুই শক্তিশালী বিমান এসইউ-৩০ এমকেআই আর মিগ টোয়েন্টি নাইন। তাছাড়া ঐ বিমানঘাঁটিতে রাশিয়ার ইলিউশিন-৭৬ আর আন্তোনভ-৩২-এর পাশাপাশি আমেরিকার সি-১৭ আর সি-১৩০ জে’র মতো পরিবহন বিমানও মজুত আছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা ও সরঞ্জাম আনা-নেওয়া করতে বিমানগুলো ব্যবহার করা হচ্ছে।
বিমানবাহিনীর প্রস্তুতি সম্পর্কে ঐ উইং কমান্ডার আরো বলেন, ‘যেকোনো প্রতিকূলতার মুখোমুখি হওয়ার জন্য আমাদের যাবতীয় লোকবল ও সরঞ্জাম আছে। স্থলভাগে সামরিক অভিযানের সঙ্গে আকাশপথে যেকোনো সাহায্যের জন্য প্রুস্তুত অবস্থায় আছেন বিমানবাহিনীর সদস্যরা।’ উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচমকা সফরের পর শুক্রবার লাদাখে সেনা সমাবেশ আরো বাড়াতে শুরু করেছে নয়াদিল্লি।