অবশেষে চালু হচ্ছে কাউখালী-সোনাকুর ফেরি সার্ভিস

বহু প্রতীক্ষার পর অবশেষে সন্ধ্যা নদীতে চালু হচ্ছে কাউখালী-সোনাকুর ফেরি সার্ভিস। আগামী সপ্তাহে এই ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, গতকাল রবিবার পন্টুন স্থাপনের কাজ শেষ হয়েছে। করোনা ভাইরাসের কারণে ফেরিটি চালু করতে তিন মাস দেরি হয়েছে।

জানা গেছে, ১৯৯৬ সালে তত্কালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালীর চারদিক নদীবেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু করেছিলেন। পরবর্তী সরকার ক্ষমতায় এসে ফেরি সার্ভিসটি বন্ধ করে দেয়।

বর্তমানে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এক জনসভায় কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সোনাকুর ফেরিঘাটটি পুনরায় চালুর ঘোষণা দেন। আনোয়ার হোসেন মঞ্জু এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ফেরিঘাটটি পুনরায় চালু করার জন্য চিঠি দিলে সম্প্রতি প্রতিষ্ঠানটি ফেরিঘাট স্থাপনে প্রশাসনিক অনুমোদন দেয়। অনুমোদনের পর ঘাট দুটিতে অবকাঠামো নির্মাণে গতি বৃদ্ধি পায়। সম্প্রসারণ করা হয় রাস্তা। ফেরিঘাটে যানবাহন ওঠানামায় নির্মাণ করা হয় অ্যাপ্রোচ রোড। আনা হয়েছে ফেরি ও দুটি নতুন পন্টুন।

এলাকাবাসী জানান, কাউখালী-সোনাকুর খেয়াঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু হলে জেলা সদরের কলাখালী, শ্রীরামকাঠি বন্দর ও পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হবে। ফেরি সার্ভিস চালু হলে প্রতিদিন যাতায়াতকারী সহস্রাধিক মানুষ উপকৃত হবে। কাউখালীর সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার ব্যাবসায়িক যোগাযোগ আরো সহজ হবে।

কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু বলেন, আনোয়ার হোসেন মঞ্জু এমপির উদ্যোগে ফেরি সার্ভিস পুনরায় চালু হওয়ায় কাউখালীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এলাকার জনসাধারণ আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। আগামী ১৬ অথবা ১৭ জুলাই সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর এটি উদ্বোধন করার কথা রয়েছে।

এদিকে রবিবার দুপুরে ফেরিঘাটের কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, বরিশাল সড়ক ও জনপথ (ফেরি বিভাগ)-এর উপসহকারী প্রকৌশলী প্রসেনজিত্, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম।