দেশ করোনামুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে

বাংলাদেশ করোনামুক্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে আছেন এবং থাকবেন। শনিবার রাতে করোনাকালীন সংকট নিয়ে বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর নবম পর্বে ‘করোনা সংকট মোকাবিলায় তৃণমূলের ভূমিকা’ শীর্ষক আলোচনায় তারা এ কথা বলেন।

এছাড়া এবারের পর্বে করোনা সঙ্কটে মানুষকে সচেতন করতে আওয়ামী লীগের পদক্ষেপ, করোনা চিকিত্সা নিয়ে গুজব মোকাবিলা, দলের জনপ্রতিনিধিদের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় বার্তা, ঘূর্ণিঝড় আম্ফান পূর্বাভাস পাওয়ার পর ক্ষয়ক্ষতি কমাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে কর্মহীনদের সহায়তা নিয়ে আলোচনা করা হয়। বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হয় আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে, একই সঙ্গে দেখা যায় বিজয় টিভির পর্দায় এবং বিডি নিউজ, ইত্তেফাক, সমকাল, ভোরের কাগজ, বাংলা নিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪ ও সারা বাংলার ফেসবুক পেজে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় আলোচক হিসেবে যুক্ত হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং তৃণমূলের নেতা-কর্মীদের সমন্বয় করে রিলিফ কার্যক্রম কমিটি গঠন, রিলিফ প্রদানে সক্রিয় অংশগ্রহণ করে আওয়ামী লীগ। দলীয় জনপ্রতিনিধিরা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থেকেছে, এখনো আছে।

অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে মানুষের ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে এবং এখনো দিচ্ছে। আমরা কেন্দ্র থেকে সবকিছু সার্বক্ষণিক মনিটরিং করছি। আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবিলার জন্য যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন ইতিমধ্যে সব গ্রহণ করা হয়েছে। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সংকট মোকাবিলায় আমরা কাজ করছি।