ফেনীর সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক হকার্সের সম্পাদক নুরুল করিম মজুমদার (৭২) গতকাল রবিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি.....রাজেউন)। গত কিছুদিন ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার ফেনী ডায়াবেটিক হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও আজীবন সদস্য ছিলেন। এছাড়া তিনি ফেনী সেন্ট্রাল হাই স্কুলের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও ডেইলি স্টার পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি। নুরুল করিম মজুমদারের মৃত্যুতে ফেনী রিপোর্টার্স ইউনিটি গভীর শোক প্রকাশ এবং তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।