শোরুমের সামনে থেকে ট্রাক ডাকাতি গ্রেফতার ৪

রাজধানীর পান্থপথের ওয়ালটন শোরুমের সামনে থেকে পাঁচটি এলইডি টিভি, একটি মোবাইল ফোন, ২৪টি ফ্রিজসহ ট্রাক ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। কয়েক দিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে  দুই আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি সুমন ও রানা।

গতকাল রবিবার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে জানান, গত ২৬ জুন শোরুমের সামনে থেকে হেলপার ও ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি মালামাল ডাকাতি করে দুর্বৃত্তরা। তিনি জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় চুরি-ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর পরিচয় হয় তাদের। সেখানে বসেই বড় কোনো শোরুমে ডাকাতির পরিকল্পনা করে। পরে জেল থেকে বেরিয়ে রাজধানীর পান্থপথের ওয়ালটন শোরুমে ডাকাতি করে। এ ঘটনায় মামলা হলে সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতি হওয়া ফ্রিজ ও টেলিভিশন। পুলিশ জানায়, এর আগেও রাজধানীসহ আশপাশের এলাকায় ডাকাতি করেছে গ্রেফতারকৃতরা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পান্থপথ ওয়ালটন প্লাজার মালামাল ডিলারের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে নিজস্ব পরিবহনে ওঠানো হয়। এরপর সাত-আট জন এসে চাপাতির ভয় দেখিয়ে মালামালভর্তি পিকআপটি নিয়ে যায়। মামলায় তদন্তসাপেক্ষে গ্রেফতার আরেক আসামি রবিউল ইসলাম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।