সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য নির্বাচিত বই কেনা যাচাইয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে আহ্বায়ক, যুগ্মসচিব (উন্নয়ন) রুহুল আমিন ও উপসচিব (শৃঙ্খলা) আক্তারুন্নাহারকে সদস্য করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য যেসব বই কেনার উদ্যোগ নেওয়া হয়েছে সেসব কাজ যথাযথ বিধিবিধান ও নিয়মানুযায়ী হচ্ছে কি না, তা যাচাইয়ে কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।