স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি চুক্তি নবায়নে অনীহা দেখাতেই পরবর্তী মৌসুমে বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছিল বার্সেলোনায়। তবে বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানালেন, আর্জেন্টাইন তারকা বার্সেলোনাতেই থাকবেন বহুদিন।
আলোচনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার, যখন স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাদেনা সের জানায় বার্সেলোনার সঙ্গে চুক্তির আলোচনা স্থগিত করে দিয়েছে মেসি পক্ষ। এরপর থেকে ইউরোপীয় সংবাদমাধ্যমে গুঞ্জনের অন্ত নেই।
তবে ক্লাবের সভাপতি বার্তোমিউ জানালেন, মেসির ক্লাব ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভিয়ারিয়ালের বিপক্ষে রবিবার রাতে বার্সেলোনার জয়ের পর স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক মুভিস্টারকে তিনি বলেন, ‘মেসি তার ক্যারিয়ার বার্সেলোনাতেই শেষ করবে। সে এখানেই থাকতে আগ্রহী। অন্য খেলোয়াড়দের সঙ্গেও আমাদের কথা চলছে তাই এ নিয়ে বিস্তারিত জানিয়ে মনোযোগ অন্যত্র সরাতে চাচ্ছি না। আপাতত দল খেলাতেই মনোযোগী। তবে মেসি কোথাও যাচ্ছে না, বার্সাতেই আরো অনেক বছর তার খেলা উপভোগ করব আমরা।’