শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে ঢুকে বিনা অনুমতিতে কাঁকড়া ধরার সময় জেলেদের পাঁচটি নৌকা জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা। গত সোমবার ভোরে সুন্দরবনের হাড়িভাঙা নদী ও টেরকাটি খালে অভিযান চালিয়ে নৌকাগুলো জব্দ করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জেলেরা সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার সময় তাদের পাঁচটি নৌকা ও মালামাল আটক করা হলেও জেলেরা পালিয়ে যায়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।