সৈয়দ জামালউদ্দিন হায়দার
ঢাকা চেম্বারের (ডিসিসিআই) প্রাক্তন সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জামালউদ্দিন হায়দার (৭৯) ২ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯৩-১৯৯৪ মেয়াদে ডিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রডওয়েজ চ্যাপমেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।
হারুণ-অর-রশীদ
কিশোরগঞ্জ খুচরা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হারুণ-অর-রশীদ (৭০) গত রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে...রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। সোমবার বাদ জোহর শহীদী মসজিদে জানাজার পর একরামপুরস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
হালিম উকিল
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুই বারের নির্বাচিত সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হালিম উকিল (৬৫)। আব্দুল হালিম উকিল ঐ হাসপাতালে গত রবিবার রাত ১১টা ১০ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহে...রাজিউন)। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে নালিতাবাড়ীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক অঙ্গনসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আলহাজ আইউব হোসেন মোল্যা
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক গ্রামের কাগজের ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেনের পিতা আলহাজ আইউব হোসেন মোল্যা (৮৩) রবিবার সন্ধ্যায় উপজেলা কৃষ্ণপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে.... রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার পুত্র ও দুই কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।