দিনাজপুরে বাসের ধাক্কায় রিকশা ভ্যান উলটে মা-মেয়েসহ ছয় জন নিহত হয়েছে। এছাড়া ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ আরো চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর স্টাফ রিপোর্টার জানান, বেলা আড়াইটার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে বীরগঞ্জ উপজেলার পঁচিশমাইল নামক স্থানে একটি বিআরটিসি বাস রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন এবং অন্যরা হাসপাতালে মারা যান। এরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। নিহতরা হলেন—বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন বেগম (৫০) ও তার কন্যা রূপা খাতুন (৮), দিনাজপুরের কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের মৃত আবদুল গনির পুত্র আবুল হোসেন (৬০), আবুল হোসেনের স্ত্রী আসমা খাতুন (৪৫) এবং একই গ্রামের নামিয়া খাতুন (৮)। এ ঘটনায় ভ্যানচালক নিহত হলেও তার নাম জানা যায়নি।
দশমাইল হাইওয়ে থানার ওসি জি এম নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে এই ঘটনার পর স্থানীয়রা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
কার-কাভার্ড ভ্যান সংঘর্ষে দুই সহোদর নিহত
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় প্রাইভেটকার-কাভার্ড ভ্যান সংঘর্ষে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর এলাকার কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদের ছেলে জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০)। ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই হাদিউল ইসলাম জানান, বিনা ময়নাতদন্তে দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, উপজেলায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে সানু চন্দ্র রায় (৪৩) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী রিমা রানী গুরুতর আহত হন। দুপুরে উপজেলা সদরের শাপলা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। সানু চন্দ্র রায় উপজেলা সদর ইউনিয়নের অনন্তরাম পাকারমাথা গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মোটরসাইকেল যোগে তিনি স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়ঘড়িয়া নামক এলাকায় সিলেটগামী মাছের ট্রাক ও ঢাকাগামী কাপড়বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা ব্যবসায়ী রবিউল্লাহ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নবীনগর উপজেলার ফজলু মিয়ার ছেলে। ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।