আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর। দুর্নীতিতে পর পর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়নের দল বিএনপি, লুটপাটের জন্যই জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে। সাধারণ মানুষ মনে করে দুর্নীতি আর বিএনপি সমার্থক।
গতকাল সোমবার ওবায়দুল কাদের সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। করোনা পরিস্থিতিতে বিএনপি নেতারা কাল্পনিক তথ্য সরবরাহ করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত। দুর্নীতিবাজ যেই হোক দলীয় পরিচয়ের হলেও তাকেও ছাড় দেওয়া হচ্ছে না, এটাই হলো বাস্তবতা।’ তিনি বলেন, ‘করোনা ভাইরাসের সময় দায়িত্বশীল আচরণ না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরেছে এবং এই সময় কাল্পনিক সব তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। আর অন্ধকারে ঢিল ছুড়ছে। বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে মানুষ বাঁচানো ও করোনা ভাইরাসের প্রতিরোধের লড়াইয়ে আবারও সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’ করোনা ভাইরাসের মহামারিতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের শুরু থেকে সরকার সবাইকে নিয়ে সমন্বিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করছে। এখন প্রায় ৭৩টি কেন্দ্রে করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে। দিন দিন সক্ষমতা বাড়ছে, কেন্দ্র থেকে উপজেলা পর্যায়ে পর্যন্ত পরীক্ষার সুযোগ বৃদ্ধি করা হয়েছে। জেলা পর্যায়ে কোভিড-১৯ হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। উপজেলা পর্যায়ে প্রস্তুতি রয়েছে।
এই পর্যন্ত ৭৬ হাজার ১৪৯ জন করোনা ভাইরাসের রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার শতকরা ৪৫ দশমিক ৯৮ ভাগ এবং মৃত্যুর হার শতকরা ১ দশমিক ২৬। মৃত্যুর এ হার যে কোনো দেশের তুলনায় কম। বিএনপি শুধু মৃত্যুর সংখ্যা নিয়ে কথা বলে, অথচ এতসংখ্যক লোক সুস্থ হচ্ছে এটা তাদের চোখে পড়ছে না। তাদের (বিএনপি) দৃষ্টিভঙ্গি যে নেতিবাচক এটাই তার প্রমাণ।