কোম্পানীগঞ্জে অভিযুক্ত এসআই রূপন নাথকে ক্লোজড করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলায় মিলন নামে এক সিএনজি চালককে মাদক মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় অভিযুক্ত এসআই রূপন নিজেই ফেঁসে গেলেন। গতকাল সোমবার কোম্পানীগঞ্জ থানা থেকে নোয়াখালী পুলিশ লাইনে তাকে ক্লোজড করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, ৫ জুলাই ভুক্তভোগী সিএনজি অটোরিকশাচালক মিলন নোয়াখালী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। ঐদিন রাতে রূপন নাথের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তে আসেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম। তদন্তের সময় অভিযোগকারী সিএনজি চালক মিলন তার গাড়ির মালিক পিন্টু ভৌমিক এবং মিলনের বাবা গ্রাম পুলিশ ছায়েদল হকের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে গতকাল কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানের নির্দেশে রূপন নাথ মিলন ও পিন্টু ভৌমিকের কাছে আটক সিএনজি ও ঘুষের নেওয়া ৫ হাজার টাকা ফেরত দেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, গতকাল সিএনজি অটোরিকশাটি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এসআই রূপন নাথের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলছে।
উল্লেখ্য, আটককৃত গাড়ি ও টাকা লেনদেনের সময় বিষয়টি ভিডিও করে উপস্থিত গণমাধ্যমকর্মীরা। যা তাত্ক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।