করোনা উপসর্গ নিয়ে মান্দা উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যানসহ চার জন।

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সরদার জসিম উদ্দীন (৭০)। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সরদার জসিম উদ্দীনের জামাতা সাইফুল ইসলাম জানান, শরীরে জ্বর থাকায় গত শনিবার তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে একজন চিকিত্সককে দেখিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সন্দেহে রবিবার বিকালে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই সোমবার সকালে তিনি মারা যান। তার মরদেহ মান্দার প্রসাদপুরে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন (৫৭) রবিবার গভীর রাতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজাসহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ শোক প্রকাশ করেছেন।

খুলনা অফিস জানায়, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও ফ্লু কর্নারের মুখপাত্র ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, করোনার উপসর্গ নিয়ে ইমাম হোসেন বাচ্চু (৫৫) ও আবেদ আলী খান (৭৮) নামে দুই ব্যক্তি গতকাল সোমবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।