তালায় এনজিও কর্মীসহ আরও ৩ জন করোনা পজিটিভ

সাতক্ষীরার তালায় নতুন করে এক এনজিও কর্মীসহ তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) বিকালে তালা স্বাস্থ্য বিভাগ ও থানা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। এনিয়ে উপজেলায় ৩৬ জন ও জেলায় সোমবার পর্যন্ত মোট ২১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তালায় নতুন করে আক্রান্তরা হলেন, ব্র্যাকের তালা অফিসের কর্মকর্তা আসাদুর রহমান (৩৭), তালা সদরের রেজাউল ইসলাম (৩২) ও তালা সদর ইউনিয়নের ডাংগানলতা গ্রামের বিল্লাল হোসেন (৩৪)। এ সময় তালা থানা পুলিশের কুইক রেসপন্স টিম উক্ত এলাকায় উপস্থিত হয়ে ঐ সকল বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ৭ নারীসহ মোট ৩৬ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে দুইনারীসহ ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ২৩ জনরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সোমবার পর্যন্ত মোট ২১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ টি রিপোর্ট পজিটিভ, ৩ জনের রেজাল্ট এখনও আসেনি এবং বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান। এদিকে সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাতক্ষীরা মেডিকেলে দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। ইত্তেফাক/এমআর