ঋণখেলাপির দায়ে বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ওয়ান ব্যাংককে এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে, যা ১৫ অক্টোবর ২০১৯ সাল থেকে কার্যকর হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ওয়ান ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছিলেন। ঋণের অর্থ নিয়মিত পরিশোধ না করায় পরবর্তী সময়ে তা খেলাপি হয়ে যায়। আইন অনুযায়ী একজন খেলাপি ব্যাংকের পরিচালক থাকতে পারেন না। এ কারণে চলতি মাসে ওয়ান ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে যে, ১৫ অক্টোবর ২০১৯ সাল থেকে সাঈদ হোসেন চৌধুরী ঐ ব্যাংকের পরিচালক নন।
জানা গেছে, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ও এইচআরসি গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ হোসেন চৌধুরী। আর এ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচআরসি শিপিং লাইনসের ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করতে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ঋণসুবিধা নেন। তবে ঋণ পরিশোধে ব্যর্থতার দায়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাপির তালিকায় রয়েছে তার নাম। তার পাওনা আদায়ে বন্ধকিতে থাকা চট্টগ্রামের সম্পত্তি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রিন্সিপাল শাখা। স্ট্যান্ডার্ড ব্যাংক সূত্রে জানা যায়, গত বছরের ৬ জানুয়ারি পর্যন্ত সাঈদ হোসেন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান এইচআরসি শিপিং লাইনসের কাছে সুদসহ মোট পাওনা দাঁড়িয়েছে ১২১ কোটি ৪৩ লাখ টাকা।