ধ্রুব মিউজিক স্টেশন আনুষ্ঠানিকভাবে খুঁজছে সংগীত প্রতিভাদের। আমাদের দেশে অনেক ্রপ্রতিভা লুকিয়ে আছে, যারা নিজে গান লেখে, নিজে সুর করে এবং নিজেই গায়। কিন্তু সুযোগের অভাবে নিজের সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। এই অলরাউন্ডারদের জন্য ধ্রুব মিউজিক স্টেশন আয়োজন করেছে ‘ধ্রুব মিউজিক আমার গান’।
৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত যেকোনো মাধ্যমে গান রেকর্ড করে যে কেউ পাঠাতে পারবেন ধ্রুব মিউজিক স্টেশনের ঠিকানায়। সেখান থেকে জুরিবোর্ড প্রাথমিকভাবে সেরা ৩০ জনকে বাছাই করবেন। তাদের নিয়েই শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরা ৩ গান অবলম্বনে নির্মিত হবে নাটক।
আর সেরা ১০ জনের ১০টি মৌলিক গান প্রযোজনা করবে ধ্রুব মিউজিক স্টেশন।
প্রতিষ্ঠানটির কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘গত মার্চের প্রথম সপ্তাহে আমরা এই আয়োজন করার সিদ্ধান্ত নিই। অডিও অঙ্গনকে আরো সরব করতে এবং সংগীতের প্রতি দায়িত্ববোধ ও দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। বাংলা সংগীতের উত্কর্ষ সাধন তথা সুযোগের অভাবে যারা এতদিন নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারেনি তাদের যোগ্যতা তুলে ধরার লক্ষ্যেই প্রতিভা অন্বেষণের এই আয়োজনটি করা।’