জাপানে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫০

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সেখানে ফের ভারী বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ সতর্ক করেছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দ্বীপটিতে বহু লোক এখনো নিখোঁজ। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার অভিযান জোরদার করা হচ্ছে। অক্টোবরে টাইফুন হাগিবিসের তাণ্ডবে ৯০ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরেকটা মারাত্মক দুর্যোগের রূপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ তত্পরতায় দ্বিগুণ লোক নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদি সুগা বলেছেন, ‘৯ জুলাই পর্যন্ত মেঘ বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তা পশ্চিম থেকে পূর্ব জাপান পর্যন্ত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে।’ পুলিশ, সেল্ফ-ডিফেন্স বাহিনী ও কোস্ট গার্ড তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।