দিল্লির কালোবাজারে বিক্রি হচ্ছে রেমডেসিভির

ভারতে করোনা চিকিত্সায় ব্যবহূত রেমডেসিভির ও টোসিলিজুমার ওষুধের ঘাটতি রয়েছে; কিন্তু রাজধানী দিল্লির কালোবাজারে এই ওষুধগুলো পাওয়া যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা এগুলো চড়া দামে বিক্রি করছেন এবং করোনা আক্রান্ত রোগীর স্বজনরা তা কিনতে বাধ্য হচ্ছেন।

অভিনব শর্মা নামে এক ব্যক্তি বিবিসিকে জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তার চাচাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ার পর চিকিত্সকরা তার স্বজনদেরকে রেমডেসিভির ওষুধটি সংগ্রহ করতে বলেন। অভিনব জানান, রেমডেসিভির খুঁজতে গিয়ে একে অসাধ্য কাজ বলে মনে হলো। কোথাও পাওয়া যাচ্ছিল না এই ওষুধ। অনেককে ফোন দেওয়ার কয়েক দিন পর  তিনি ওষুধের সন্ধান পান। তবে তা কেনার জন্য তাকে সাত গুণ বেশি দাম দিতে হয়েছে। একই ধরনের ভোগান্তির মুখোমুখি হয়েছে দিল্লির আরো অনেক পরিবার।

ওষুধের ব্যবসা করেন এমন এক ব্যক্তি বিবিসির প্রতিনিধিকে বলেন, ‘আমি আপনার জন্য তিনটি ভায়াল এনে দিতে পারব। তবে প্রত্যেকটির দাম পড়বে ৩০ হাজার রুপি করে।’ অথচ ভারতে রেমডেসিভির প্রতিটি ভায়ালের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪০০ রুপি।