কোভিড-১৯ পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে ---- এইচএসবিসি ইকোনমিস্ট

‘সময়ের সঙ্গে বৈশ্বিক অর্থনীতি যেভাবে ধীরে ধীরে আবার সচল হয়ে উঠছে, ঠিক তার সঙ্গে খাপখাইয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাও ঘুরে দাঁড়াবে বলে আশা করা যায়’—এই মতামতটি এইচএসবিসি কো-হেড অব এশিয়ান ইকোনমিক্স রিসার্চ ফ্রেড্রিক নিউম্যানের। তিনি এইচএসবিসির সম্মানিত গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের সম্মুখে তার এই পর্যবেক্ষণ জ্ঞাপন করেন এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত ‘ইমপ্যাক্ট অব কোভিড-১৯ অন দ্য বাংলাদেশ ইকোনমি অ্যান্ড সিলভার লাইনিংস’ শীর্ষক ভার্চুয়াল ভিডিও অনুষ্ঠানে। গতকাল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নিউম্যান কোভিড-১৯-এর বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতিতে প্রভাব ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। নিউম্যান বলেন, বাংলাদেশ সন্তুষ্টিজনক অর্থনৈতিক সহনশীলতা দেখিয়ে চলেছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধির মূলে ছিল সুদৃঢ় নিয়মানুবর্তিতা,  গ্রহণযোগ্য মুদ্রাস্ফীতি ও বহির্গামী পেমেন্টের শক্তিশালী অবস্থান। এ পর্যন্ত বাংলাদেশ কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে তার অর্থনীতিকে বেশ ভালোভাবেই মোকাবিলা করেছে। ভার্চুয়াল ভিডিও সেশনের প্রধান অতিথি ছিলেন বৃটিশ হাইকমিশনার, রবার্ট চ্যাটার্টন ডিক্সন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুবউর রহমান ছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী ও শিল্পপতিবৃন্দ, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি