আশুলিয়ায় ট্রাক চাপায় নিহত ২

সাভার উপজেলার আশুলিয়ায় বালুভর্তি ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সকালে বাইপাইল-টঙ্গী সড়কের জিরাবো ইটাখোলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাসিন্দা মৌসুমি আক্তার (২৫) ও রিকশাচালক মাসুদ রানা (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক জিরাবো ইটখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীসহ কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মাসুদ রানা নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি আক্তারের মৃত্যু হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: রাতেই হাঙ্গেরি নেওয়া হচ্ছে রাবেয়া ও রোকাইয়াকে

বিষয়টি নিশ্চিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/অনি