করোনা ভাইরাস সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষকে সহায়তার জন্য গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় শুরু করা ‘মানবতা ঘর’-এর চার মাস পূর্ণ হয়েছে। মানবতার ঘর থেকে গতকাল মঙ্গলবার টোকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উলুসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে খাতাকলম, পেনসিল বক্স, স্কেল, প্যাকেটজাত গুঁড়াদুধ, মিষ্টি কুমড়া, আলু ও ঢ্যাঁড়স বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী প্রদান করেন টোক ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আমান উল্লাহ ভুঁইয়া ও মালয়েশিয়া প্রবাসী কাউসার আহমেদ। উপস্থিল ছিলেন মানবতার ঘরের উদ্যোক্তা উজলী দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন, উলুসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন পালোয়ান ও এসএমসির সভাপতি কাঞ্চন কুমার ভৌমিক, সহকারী শিক্ষক রেহানা পারভীন, আলী হোসেন, আতিকা ইসলাম, গাজীপুর জেলা যুবলীগের সদস্য শাহজালাল, সাংবাদিক সাব্বির আহমেদ, নুরুল আমিন সিকদার, শামীম সিকদার, আব্দুল্লাহ মাসুম। মানবতার ঘর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭১২টি অসহায় পরিবারকে খাদ্যসহায়তা এবং ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫৪ জন হতদরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া হয়।