যমুনার ভাঙনে কাজীপুরে ১০ বসতবাড়ি বিলীন

সিরাজগঞ্জে গত কয়েক দিনে বন্যার পানি হ্রাস পাওয়ায় যমুনার ভাঙন বৃদ্ধি পাচ্ছে। নদী ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে গ্রাম জনপদ। সহায় সম্বল হারিয়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছে। গত কয়েক দিনে জেলার কাজিপুর উপজেলার খুদবান্দি মৌজা ও বিয়াড়া মৌজার খুদবান্দি গ্রামে কাটাতলা নৌকা ঘাটে পানি কমার সঙ্গে সঙ্গে বেড়েছে ভাঙন।

স্থানীয় বাসিন্দা আসগর আলী জানান, তিন দিনের ব্যবধানে এখানকার ভিটেমাটি বা বাড়ির জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ১০টি পরিবার ইতিমধ্যে ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

ভুক্তভোগী নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক জানান, যমুনার পানি কমার সঙ্গে সঙ্গে কাটাতলা নৌকা ঘাটে ভাঙন শুরু হয়েছে। আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। আমরা কোনো মতে বাড়িঘর অন্যত্র নিয়ে যাচ্ছি। এমতাবস্থায়, আশপাশের অনেক বাড়িঘর ও জমিজমা রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে এবং নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।