রংপুরে ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৭

রংপুর মহানগরীতে ভুয়া ডাক্তার, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও দালাল চক্রের তিন সদস্যসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) কাজী মুত্তাকী ইবনু মিনান।

এর আগে রবিবার নগরীর ধাপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, ধাপ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে এমবিবিএস, এফসিপিএস পাশ নামধারী ভুয়া ডাক্তার মোতালেব সরকার রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল জেহাদী, ভুয়া ডাক্তারের পিএস তৌফিক ইসলাম রাফি ও ম্যানেজার তোহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ভুয়া ডাক্তার রিপনের দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. এরশাদ আলী, আব্দুর রউফ রেজাউল ও নয়া মিয়া।

কাজী মুত্তাকী ইবনু মিনান আরো জানান, এই সাত জনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।