ভারত থেকে নেমে আসা বরাক নদ বাংলাদেশে এসে রূপ নিয়েছে সুরমা ও কুশিয়ারায়। আর বয়ে গেছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের ওপর দিয়ে। এ জনপদের বেশ কিছু মানুষের জীবিকা নদীকেন্দ্রিক। কিন্তু এই নদী কখনো রাক্ষসী রূপ নেয়, ছিনিয়ে নেয় নদীপাড়ের মানুষের সবকিছু। তলিয়ে যায় গাছপালা, বাড়িঘর আর বিঘা বিঘা জমি। জকিগঞ্জের প্রধান সমস্যা নদী ভাঙন—প্রত্যেক বছরই বর্ষাকালে বিপাকে পড়েন নদীপাড়ের মানুষেরা। সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয় অনেকের।
উপজেলার নালুহাটি, ছবড়িয়া, রারাই, শস্যকুড়ি, ছয়লেন পালপাড়া, কেছরী, সোনাপুর, বড়পাথর, মাঝরগ্রাম, বড়ছালিয়া, উজিরপুর ও মৌলভীরচকসহ বেশকিছু এলাকা নদী ভাঙনের কবলে। একাধিক জায়গায় বেড়িবাঁধ ভেঙে সরকারি বিদ্যালয়, বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, গোরস্থান নদীর তাণ্ডবের শিকার। স্থানীয়দের প্রত্যাশা—যথাযথ কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের দুর্দশা লাঘব করবেন, তারা ফিরে পাক স্বাভাবিক জীবন।
রেদ্বওয়ান মাহমুদ, জকিগঞ্জ, সিলেট