পটিয়ায় যুবককে উলঙ্গ করে নির্যাতন

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পটিয়া উপজেলার উত্তর দেয়াং কোর্টপাড়া এলাকায় আনোয়ার হোসেন নামে এক যুবককে উলঙ্গ করে নির্যাতনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন কনস্টেবল নেছারের বিরুদ্ধে চট্টগ্রাম পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা ওই পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া এবং গণধর্ষণের অভিযোগে পটিয়া থানায় সম্প্রতি একটি ধর্ষণ মামলা হয়। বর্তমানে মামলাটি থানার উপ-পরিদর্শক আবদুল খালেদ তদন্ত করছেন। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। এরপর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের পর আনোয়ার হোসেনকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে। নির্যাতনের শিকার আনোয়ার বলেন, নির্যাতনকালে কনস্টেবল নেছার তার স্ত্রীর সঙ্গে আমাদের এলাকার সাজ্জাত হোসেন রুবেল ও আমার মেলামেশা আছে-এমন স্বীকারোক্তি দিতে বলে। এতে রাজি না হওয়ায় নির্যাতন করে। 

আনোয়ার হোসেন আরো জানান, উলঙ্গ করে নির্যাতনের পর ভিডিও ধারণের সঙ্গে পুলিশ কনস্টেবল সরাসরি সম্পৃক্ত ছিলেন। ভিডিও ধারণ ছাড়াও বিভিন্ন মামলায় তাকে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পুলিশের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।