ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর করোনা ভাইরাস ধরা পড়েছে। বলসোনারো সোমবার জানিয়েছিলেন যে তার জ্বর এসেছে এবং গায়ে ব্যথা শুরু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন যে করোনা ভাইরাসে তেমন কোনো ঝুঁকি নেই। এটা সামান্য ধরনের ফ্লু। তিনি লকডাউনের বিরোধী ছিলেন এবং মাস্ক পরা নিয়েও ব্যঙ্গবিদ্রুপ করেছেন। খবর বিবিসির

মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শুধু বলসোনারোই  তার ক’জন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন। ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা শনাক্তের ঘটনায় সে দেশের সরকার যেভাবে এই মহামারি মোকাবেলার প্রচেষ্টা চালিয়েছে তা নিয়ে বিতর্ক আরো    তীব্রতর হবে। করোনা ভাইরাস মহামরিতে ব্রাজিলে ৬৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বলসোনারো গতকাল মঙ্গলবার টেলিভিশন সাক্ষাত্কারে জানিয়েছেন, তার জ্বর এখন তেমন একটা নেই। ফলে তিনি সুস্থ আছেন। এপ্রিলে বলসোনারো বলেছিলেন, তিনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তা নিয়ে তার মধ্যে কোনো আতংক থাকবে না। কারণ এটা কেবল একটা ফ্লু।