বৈশ্বিক যুদ্ধবিরতি

জাতিসংঘ মহাসচিবের আবেদনের পক্ষে বাংলাদেশসহ ১০ দেশের যৌথ বিবৃতি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের বৈশ্বিক যুদ্ধবিরতির আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশসহ ১০টি দেশের স্থায়ী প্রতিনিধিগণ একটি যৌথ বিবৃতি মহাসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। সোমবার নিউ ইয়র্কে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ, ইকুয়েডর, মিশর, জ্যামাইকা, জাপান, মালয়েশিয়া, ওমান, সেনেগাল, স্লোভেনিয়া ও সুইডেন যৌথভাবে এই বিবৃতিটি হস্তান্তর করেন।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘ মহাসচিবকে এ সময় বলেন, বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় তাত্ক্ষণিকভাবে যুদ্ধ থামাতে এই যৌথ বিবৃতি নিশ্চয়ই আপনার হাতকে আরো শক্তিশালী করবে।

১০টি দেশের উদ্যোগে প্রণীত এই যৌথ বিবৃতিটি গত ২২ জুন প্রকাশ করা হয়। এটি জাতিসংঘের ১৭২টি সদস্য দেশ ও পর্যবেক্ষক সদস্যসমূহ সমর্থন করে। মহাসচিবের আবেদনে এ পর্যন্ত এটিই ছিল সদস্য দেশসমূহের সর্বোচ্চ রাজনৈতিক সমর্থন। কোভিড-১৯-এর সময়ে যুদ্ধ ও বৈরিতার প্রভাবে বিপর্যস্ত মানবতার জন্য এই বিবৃতিটি বৈশ্বিক সংহতি ও মমত্ববোধের এক শক্তিশালী ও স্পষ্ট বার্তা বহন করে এনেছে।