আমলাতন্ত্রকে ব্যবসাবান্ধব করার পরামর্শ জার্মান রাষ্ট্রদূতের

ইউরোপের অন্যতম সম্পত্শালী দেশ জার্মানির বিভিন্ন কোম্পানি বিনিয়োগের জন্য নতুন গন্তব্যের সন্ধান করছে। এক্ষেত্রে বাংলাদেশও অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হতে পারে। তবে বিনিয়োগ আকর্ষণে দেশের আমলাতন্ত্রকে ব্যবসাবান্ধব হিসেবে দেখতে চায় দেশটি। গতকাল মঙ্গলবার ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের সঙ্গে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) নেতাদের এক আলোচনায় এ ইস্যুটি উঠে এসেছে।

অনলাইনভিত্তিক ঐ আলোচনায় জার্মান রাষ্ট্রদূত বলেন, জার্মান বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হবে। তবে আমলাতন্ত্রকে ব্যবসাবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে বিজিসিসিআই নেতাদের অনুরোধ করেন। তিনি বলেন, আইনের শাসন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে চলা উচিত। এটি অবশ্যই সামগ্রিক ব্যবসায়ের বিকাশে ভালো প্রভাব ফেলবে।

বিজিসিসিআই সভাপতি ওমর সাদাত উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সংগঠনের প্রচেষ্টা আরো জোরদার করার কথা জানান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজিসিসিআইর সিনিয়র সহসভাপতি টমাস হফম্যান, সহসভাপতি মহসিন উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ তরুণ পাটওয়ারি, পরিচালক আনোয়ার শহীদ, ইবুলুল ওয়ারা প্রমুখ।

প্রসঙ্গত, জার্মানি বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি গন্তব্য। যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি রপ্তানি হয় দেশটির বাজারে।