করোনা ভাইরাস বাতাসেও ছড়ায়

প্রাণঘাতী করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। বিশ্বের দুই শতাধিক বিশেষজ্ঞ মনে করছেন, বাতাসে যে করোনা ভাইরাস ছড়ায় সেই বিষয়টি এখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে স্বীকার করে নেওয়া উচিত। তারা সংস্থাটিকে চ্যালেঞ্জও ছুড়ে দেন। খবর রয়টার্স ও আলজাজিরার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রফেসর বেনেডেত্তা আলেকরানজি বলেন, বাতাসে করোনা ভাইরাস ছড়ানোর বিষয়ে কিছু প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরো পরীক্ষা-নীরিক্ষা করে বুঝতে হবে। ডব্লিউএইচওর কারিগরি বিষয়ক প্রধান মারিয়া ভ্যান কেরকোভ বলেন, আমরা বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর ব্যাপারে আলোচনা করছি। এটা ভাইরাস ছড়ানোর অন্যতম একটা কারণ হতে পারে। এর আগে সংস্থাটি বলে আসছিল যে, এই ভাইরাস কেবল নাক এবং মুখের ড্রপলেটের মাধ্যমেই ছড়ায়। কিন্তু সোমবার ক্লিনিক্যাল ইনফেকসিয়াস ডিজেজ জার্নালে প্রকাশিত এক খোলা চিঠিতে ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী দাবি করেন, বাতাসের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে। অর্থাত্ নিঃশ্বাসের মাধ্যমে ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। তারা সংস্থার করোনা ভাইরাস প্রতিরোধে করা বিভিন্ন নীতি বদলেরও পরামর্শ দেন। বিজ্ঞানীরা মনে করছেন, ছয় ফুটেরও বেশি দূরত্বে ভাইরাস ছড়াতে পারে। তাদের দাবি সত্য হলে করোনা ভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোতে পরিবর্তন আসতে পারে। আর ঝুঁকিও বাড়তে পারে।