নরওয়েকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ইউরোপের দেশ নরওয়েকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বাংলাদেশের তৈরি পোশাকসহ জাহাজ নির্মাণ ও সমুদ্রসম্পদের মতো উদীয়মান খাতে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন শিল্পমন্ত্রীর সঙ্গে বিদায়ি সাক্ষাত্কালে মন্ত্রী এ আহ্বান জানান। ভার্চুয়াল মাধ্যমে ঐ সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়।  বিদায়ি রাষ্ট্রদূত বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পের গুণমান উন্নয়নে নরওয়ের সহায়তা অব্যাহত এবং করোনা-পরবর্তী দেশের আর্থসামাজিক উন্নয়ন অভিযাত্রায় নরওয়ে বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ অনলাইনে সংযুক্ত ছিলেন। সাক্ষাত্কালে করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপ, জাহাজ নির্মাণ ও জাহাজ রিসাইক্লিং শিল্প খাতে দক্ষ জনবল তৈরি, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নে সহায়তা জোরদার এবং উভয় দেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য প্রসারে পারস্পরিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।