সান্তোসের অভিযোগ খারিজ

নেইমারের ট্রান্সফার ইস্যুতে বার্সেলোনার বিপক্ষে সান্তোসের অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ২০১৩ সালে ৫ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ব্রাজিলের দল সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ২০১৫ সালে এসে সান্তোস অভিযোগ করে, চুক্তির আগে ট্রান্সফার ফির একটা অংশ নেইমারের বাবা এবং তাদের পারিবারিক প্রতিষ্ঠান এন অ্যান্ড এনকে দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য প্রায় ৬ কোটি ১৩ লাখ ইউরো ক্ষতিপূরণের দাবি করে ফিফার দ্বারস্থ হয়েছিল তারা। সান্তোসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রীড়া আদালত যে প্রমাণ পেয়েছে তা হচ্ছে, সান্তোস এবং নেইমারের চুক্তিটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল এবং খেলোয়াড়ের বাবা এবং এন অ্যান্ড এন প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দিয়ে বার্সেলোনা চুক্তির ক্ষেত্রে কোনো নিয়মের ব্যত্যয় করেনি।