তালা হাসপাতালের সামনে থেকে মহান্দী অভিমুখে সড়কের ওপর কালভার্টটি ভেঙে যাওয়ায় প্রায় দুই মাস পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্তমানে এক পাশে কোনোমতে টিকে থাকা কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। প্রায় ১০ বছর আগে কালভার্টটি নির্মাণ করা হয়। ঝুঁকিপূর্ণ কালভার্টটি ভেঙে পুনরায় নির্মাণের জন্য জনপ্রতিনিধিসহ স্থানীয়রা এলজিইডি প্রকৌশলীকে একাধিকবার জানিয়েছেন। মো. আফজাল হোসেন, মো. মোসলেম, পলাশ ব্যানার্জী, আনিসুর রহমানসহ কয়েক জন স্থানীয় জানান, তালা উপশহর থেকে মহান্দী জাতপুর অভিমুখে ১০.৮২০ কিলোমিটার গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে ছোট-বড় যান চলাচলসহ হাসপাতালে রোগী, স্কুল-কলেজসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। তালা সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন হাজামপাড়ার সামনের কালভার্টটি গত প্রায় দুই মাস ধরে ভেঙে পড়ে আছে। এলজিইডির প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। এ বিষয় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, কালভার্টটি অনেকদিন যাবত্ ভেঙে গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিনে দেখানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবদুল মজিদ মোল্যা জানান, কালভার্টটি মেরামতের জন্য ঢাকায় লিখে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।