বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) শূন্য আসনে ১৪ জুলাই উপনির্বাচনে বন্যাকবলিত দুই উপজেলার অন্তত ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা সম্ভব নয়। এই ৯টি কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে বন্যাপ্লাবিত সোনাতলা উপজেলার তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব না হওয়ায় তা পার্শ্ববর্তী বিকল্প স্থানে সরিয়ে নেওয়ার জন্য সোমবার নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। সোনাতলা উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা এ এস এম জাকির হোসেন রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে এই চিঠি পাঠান।
অন্যদিকে, মঙ্গলবার বিকালে বন্যাদুর্গত এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বগুড়ায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. জিয়াউল হক সারিয়াকান্দি উপজেলার বন্যাপ্লাবিত ছয়টি কেন্দ্র বিকল্প স্থানে সরিয়ে নেওয়ার সুপারিশ করেছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাতলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এস এম জাকির হোসেন বলেন, দুর্গত এলাকা পরিদর্শন করে দেখা গেছে, বন্যা পরিস্থিতির কারণে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব নয়। এসব কেন্দ্র বিকল্প স্থানে সরিয়ে নেওয়ার জন্য ইসিতে প্রস্তাব পাঠানো হয়েছে। অন্যদিকে, সারিয়াকান্দি উপজেলার আটটি ইউনিয়নের ৬৮টি গ্রাম বর্তমানে বন্যাকবলিত। এ উপজেলায় পানিবন্দি মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার। দুর্গত এলাকায় বেশ কিছু ভোটকেন্দ্র রয়েছে। ২০০৮ থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন পর্যন্ত তিন দফায় আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত নেতা আবদুল মান্নান। গত ১৮ জানুয়ারি তার মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ২৯ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য করে তপশিল ঘোষণা করে। ৯ মার্চ প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে ৩ লাখ ৩০ হাজার ৮৯২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে সারিয়াকান্দি ১ লাখ ৭৭ হাজার ৩২৬ জন এবং সোনাতলায় ১ লাখ ৫৩ হাজার ৫৫৬ জন । উপজেলার ৭০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম (বটগাছ), বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ) ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ (ট্রাক)।