বরিশাল বিভাগে আরো ১১৪ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে সুস্থ হয়েছে ৩৭ জন। বুধবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১১৪ জন নিয়ে বিভাগে মোট ৩ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন সুস্থ হওয়া ৩৭ জন নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১ হাজার ২৬০ জন। এছাড়া করোনায় ৮০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগে করোনা শনাক্তের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৭৭৫ জন, পটুয়াখালীতে ৫৭২, বরগুনায় ৩৪৫, পিরোজপুরে ৩১৩, ঝালকাঠিতে ২৮৯ জন ও ভোলায় ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরিশাল নগরীসহ জেলায় ৩১ জন, পটুয়াখালীতে ২৩, বরগুনায় পাঁচ, পিরোজপুরে পাঁচ, ঝালকাঠিতে ১১ জন ও ভোলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।