গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে বজ্রপাতে মোজাহিদ মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের এ বজ্রপাতে আহত হয়েছে তার দুই ছোট ভাই সুজন মিয়া (১০) ও মেহেদি হাসান (৮)। মারা যাওয়া শিশু মোজাহিদ ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাদুল্লাপুর উপজেলার ধাপরেহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রজব আলী জানান, দুপুরে তারা তিন ভাই বাড়ির পাশে ধারাই চতরা বিলে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার সময় হঠাত্ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে মোজাহিদ মারা যায়। অপর দুই ভাই আহত হয়।