সরাইলে পূর্ববিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। গতকাল বুধবার সকালে ও গত মঙ্গলবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের ইউপি সদস্য মিজান মিয়া ও অলি মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বুধবার সকাল ৯টার দিকে ফের উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকালের সংঘর্ষে আত্মীয়তার সূত্র ধরে নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের লোকজন অলি মিয়ার পক্ষ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে প্রায় পুরো কাটানিশা গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই দিনের সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। গুরুতর আহত মিজান মিয়া, ইয়ার হোসেন (৪৫), মাসুক মিয়া (৪০) ও জাবেদ মিয়া (৩২), বাচ্চু মিয়া (৬০), শরীফ মিয়া (১৫), মিজানের পক্ষের আবুল কাশেমের স্ত্রী আনোয়ারা বেগমকে (৬৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলি মিয়ার পক্ষের আহত আলি মিয়া (৭০), আশিক মিয়া (৪০), দিলু মিয়া (৪৫), এরশাদ আলী (৩৫), মজিবুর রহমান (৬৫), হেলাল উদ্দিন (৪৫), কামাল মিয়া (৪০), বকুল মিয়া (৫০), জাকির হোসেন (৩৫), তাহের মিয়া (৬০), সাদ্দাম হোসেন (৩০) ও ইয়াকুব মিয়াকে (৫০) সরাইল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত নারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। সরাইল থানার ওসি এ এম এম নাজমুল আহমেদ বুধবার দুপুরে বলেন, কাটানিশা গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।