আলফাডাঙ্গায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

আলফাডাঙ্গায় পৌর উপ-সহকারী —ভূমি (তহশিলদার)-এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। গতকাল স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. হানিফ কাজী। তিনি আলফাডাঙ্গা পৌর এলাকায় কুসুমদী গ্রামের মো. শুকুর কাজীর ছেলে। লিখিত বক্তব্যে হানিফ বলেন, উপ-সহকারী—ভূমি (তহশীলদার) অধীর কুমার গুহ তার কাছ থেকে জমির মিউটেশন করার নামে ২০ হাজার টাকা চুক্তি করে নগদ ৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। তার পরও বিষয়টি সমাধান না করে নানা অজুহাতে কালক্ষেপণ করেন এবং বাকি টাকার জন্য চাপ দেন। অগত্যা গত ৫ জুলাই তিনি টাকা ফেরত চাইলে তার ওপর চড়াও হন অধীর কুমার গুহ। এসময় বাগিবতণ্ডার একপর্যায়ে ইউএনওকে জানালে তিনি পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে (হানিফ) ৩০ হাজার টাকা জরিমানা করেন। হানিফের দাবি, ভ্রাম্যমাণ আদালতে তাকে বক্তব্য পেশের সুযোগ না দিয়ে এক তরফা বিচার করায় তিনি ন্যায়বিচার পাননি। একই কারণে তার সম্মানের হানি ও আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে অধীর কুমার গুহ সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তাছাড়া তিনি ঘুষ গ্রহণের অভিযোগও প্রত্যাখ্যান করেন। উলটো তার সঙ্গে উল্লিখিত ব্যক্তির অসদাচরণের দাবি জানান তিনি।