ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার চার্জিং স্টেশনটি উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে। বিদ্যুত্ সাশ্রয়ের উদ্দেশ্যে অটোরিকশা চার্জের জন্য সোলার প্যানেলটি নির্মাণ ব্যয় হয় ৬০ লাখ টাকা। গত ২০১৮ সালের ২৮ জুন উদ্বোধনের কয়েক দিন পরই তা বন্ধ হয়ে যায়। গত দুই বছরেও স্টেশনটি চালু করতে না পারায় সচেতন ব্যক্তিরা সরকারের ৬০ লাখ টাকা জলে গেল বলে মনে করেন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সহস্রাধিক অটো ও ব্যাটারিচালিত রিকশা রয়েছে। এসব যানবাহনের ব্যাটারি চার্জে দৈনিক বিপুল পরিমাণ বিদ্যুত্ ব্যবহূত হচ্ছে। ফলে দিন দিন বিদ্যুতের ঘাটতি বেড়েই চলছে। বিদ্যুতের ঘাটতি কমাতে ডিপিডিসি নিজস্ব অর্থায়নে সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের প্রধান ফটক সংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড সড়কে সোলার চার্জিং স্টেশন নির্মাণ করা হয়। উদ্বোধনের পর কিছু দিন চলে বন্ধ হয়ে যায়। স্টেশনের ভেতরে ফুটপাতের এক চায়ের দোকানি এখন চা সিগারেট বিক্রি করেন।
সোলার চার্জিং স্টেশনের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, চার্জিং স্টেশনটি চালানোর জন্য একজন ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়। কয়েক দিন চালানোর পর ঐ ঠিকাদার চালানোর অপারগতা প্রকাশ করে। দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি। বর্তমানে এ সোলার প্যানেল থেকে উত্পাদিত বিদ্যুত্ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।