জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ভাষা সৈনিক ডি পি বড়ুয়া (দেবপ্রিয় বড়ুয়া) আর নেই। গতকাল বুধবার ভোর পাঁচটায় রাজধানীর মগবাজারের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী এবং তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়, সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডি পি বড়ুয়া ১৯৩৪ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম জেলার রাউজানের মহামুনি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে দৈনিক মর্নিং নিউজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়া তিনি এশীয় বৌদ্ধ স্বর্ণপদক (১৯৮২), আইআইএফডবি-উপি কর্তৃক ‘এমবাসেডর অব পিস’ অভিধা, অতীশ দীপঙ্কর স্বর্ণপদকে ভূষিত হন। গতকাল তার মরদেহ প্রথমে কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও পরে বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নেওয়া হয়। শ্রদ্ধাজ্ঞাপন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আশুলিয়ায় বধি জ্ঞান ভাবনা কেন্দ্রে তার মরদেহ দাহ করা হয়। জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে ডি পি বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, ডি পি বড়ুয়ার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো।